নেপালে বন্যায় মৃত্যু ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী রয়েছেন। বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি নিখোঁজ ভারতীয় নাগরিক।
হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ, কাদা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকর্মীদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে। নেপালের বিভিন্ন এলাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিখোঁজ স্বজনদের খুঁজতে হাসপাতালের দেয়ালে তাদের ছবি লাগিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের কোনো সন্ধান মিলবে এই আশায় অপেক্ষা করছেন তারা।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে কিছু মরদেহে পচন ধরতে শুরু করায় কর্তৃপক্ষ সেগুলো গণকবর দেওয়ার উদ্যোগ নিয়েছে।
নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলার অন্তত ১৯টি স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে জানা গেছে, এর মধ্যে অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও নিখোঁজ রয়েছেন।
নেপালের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০ জনের বেশি শিক্ষার্থী নিখোঁজ এবং প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান রাসুয়া ও নৌয়াকোট জেলায়। এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় কোনো কোনো স্কুল পানিতে তলিয়ে গেছে, আবার কিছু প্রতিষ্ঠান মাটির নিচে চাপা পড়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নেপালে অন্তত ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এর বাইরে ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯০ জন মার্কিন নাগরিকের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পর থেকে ৬২ জন ইউক্রেনীয় নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। মালয়েশিয়ার একটি পর্যটন প্রতিষ্ঠানের সঙ্গে ভ্রমণে থাকা ৫১ জন মালয়েশীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ৪১ জন নাগরিকের এখনো খোঁজ মেলেনি। যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে তিব্বতে ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ থাকার কথা বলা হয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন নেপালের নিখোঁজের তালিকায় রয়েছেন, তা স্পষ্ট নয়।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৩০ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের কয়েকজন পর্যটকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।
তবে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও এখন পর্যন্ত ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।
এনএনবাংলা/এফএস

