সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশ ব্যাংকের পরিপত্র জারি

বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা খরচ করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন সীমা নির্ধারণ করে এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে এক পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত বিদেশি মুদ্রার ‘প্রকৃত চাহিদা’ পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বিদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।

এদিকে, বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যয়ের সীমা বাড়ানো হলেও নোট আকারে বিদেশি মুদ্রা নেওয়ার সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলারই রাখা হয়েছে।

অর্থাৎ, বার্ষিক ভ্রমণ কোটা ১২ হাজার ডলার থেকে বেড়ে ১৮ হাজার ডলার হলেও নগদ ডলার নেওয়ার ক্ষেত্রে আগের ৫ হাজার ডলারের সীমাই বহাল থাকছে।

এনএনবাংলা/