সাম্প্রতিক
Skip to content

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবসটি বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

হজরত আবদুল কাদের জিলানী (রহঃ)-এর বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। হজরত আবদুল কাদের জিলানি (রহঃ) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহঃ) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া। হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবসকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ধর্মীয় আয়োজন ও দোয়ার মাধ্যমে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে আসছে। ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) মৃত্যুবরণ করেন। তাঁর ওফাত দিবস স্মরণে প্রতিবছর এ ধর্মীয় আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটি ভোগ করবেন। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ২৩ সেপ্টেম্বর ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটির তালিকায় নেই। তাই এসব প্রতিষ্ঠানে বুধবার নিয়মিত কর্মদিবস হিসেবে কার্যক্রম চলবে। বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি থাকবে না। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে এবং কর্মীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ছুটি প্রযোজ্য হবে না।

এনএনবাংলা/এফএস