শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান বাংলাদেশের

বিশ্বজুড়ে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনৈতিক প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়।
২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে এই প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তগুলোতে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করা, শান্তি আলোচনায় আরও বেশি নারী অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস এজেন্ডাকে অন্তর্ভুক্ত করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।
এছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি। একই সাথে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
পাশাপাশি আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান।
এনএনবাংলা/এফএস
