সাম্প্রতিক
Skip to content

লন্ডনে নাহিদের ওপর হামলার বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি সাবেক ১৫ উপদেষ্টার

ছবি কোলাজ: নিউ নেশন বাংলা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং তাঁর সহকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ১৫ উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও বোমা হামলা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি হামলাকারী ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম ফাওজুল কবির খান, শিক্ষাবিদ সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আদিলুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম (বীর প্রতীক), নারী অধিকারকর্মী ফরিদা আখতার, সমাজবিজ্ঞানী ও ব্রতীর প্রতিষ্ঠাতা শারমীন এস মুরশিদ, উদ্যোক্তা শেখ বশির উদ্দীন, অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, উন্নয়নকর্মী নূরজাহান বেগম, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তাঁরা সবাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের গুরুতর শারীরিক ক্ষতি করার চেষ্টা করে। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অন্তত ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আহত হন।

বিবৃতিদাতারা মনে করেন, বিদেশের মাটিতে এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাঁদের ভাষ্য, এটি বাংলাদেশের সীমানার বাইরে থেকে পরিচালিত সংগঠিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযানের অংশ।

এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের ব্রিটিশ আইনে, প্রয়োজনে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের ভূখণ্ড ব্যবহার করে পলাতক ব্যক্তিরা যাতে সহিংসতা সংগঠিত, পরিচালনা বা তাতে সহায়তা করতে না পারে, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে লন্ডনের হামলার সঙ্গে দেশের সাম্প্রতিক সহিংসতার যোগসূত্র তুলে ধরে বলা হয়, গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। থানাসহ নির্বাচিত সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এর মধ্যে কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিবৃতিদাতাদের অভিযোগ, এসব সহিংসতা সাধারণ মানুষের ওপর হামলা, বেসামরিক স্থাপনায় বোমা হামলা এবং গণপরিবহনে অগ্নিসংযোগ পর্যন্ত গড়িয়েছে। এতে নিরীহ মানুষের প্রাণহানিও ঘটেছে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রতিষ্ঠানকে অকার্যকর করার উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের তিন ডজনের বেশি শাখায় পরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে ও বিদেশে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিকতা ন্যক্কারজনক। গণতান্ত্রিক প্রতিবাদের কোনো মানদণ্ডেই এসব কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বরং এসব ঘটনার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রকৃত চেহারা প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।

বাংলাদেশ যেন আর কখনো ভয়ের রাজনীতির কাছে জিম্মি না হয়, সে জন্য এসব কর্মকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের অবস্থান যেখানেই হোক, জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টারা।

এ ছাড়া বিদেশে বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশের বাইরে অবস্থানরত পলাতক গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

একই সঙ্গে দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যভিত্তিক সহিংসতা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সরকারের নেতাদের বিচার দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

এনএনবাংলা/