Skip to content

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকলেও তা যথাযথভাবে ব্যয় হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে সঠিকভাবে অর্থ ব্যয় না হওয়ায় কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবুও বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিন কিংবা প্রয়োজনীয় জনবলে কোনো ঘাটতি নেই, ফলে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রস্তুত।

একই অনুষ্ঠানে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশকে বিশেষ চিকিৎসা সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর হাতে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মা (টিবি) ওষুধ হস্তান্তর করেন।

তার বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার ও সুশাসন জোরদারে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। যক্ষ্মা শনাক্তকরণ আরও দ্রুত ও কার্যকর করতে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল এক্স-রে চালু, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং প্রযুক্তির ব্যবহার এবং শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

এনএনবাংলা/পিএইচ