Skip to content

Upcoming
Germany
0-0
Curaçao
Source: ESPN

যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মরদেহটি ইতোমধ্যে একটি ফিউনারেল হোম গ্রহণ করেছে। অরল্যান্ডোর এমসিও বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ কালো রঙের কয়েকটি আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তে লিমনের শরীরে অসংখ্য আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। একই সঙ্গে হিশামের শরীরেও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

তদন্তকারীরা লিমন ও হিশামের অ্যাপার্টমেন্টের বসার ঘর থেকে শোবার ঘর পর্যন্ত রক্তের দাগ খুঁজে পেয়েছেন। শোবার ঘরের মেঝেতেও রক্তের ছোপ পাওয়া যায়। উদ্ধার করা নমুনার ফরেনসিক পরীক্ষায় লিমন ও বৃষ্টির ডিএনএ শনাক্ত হয়েছে।

আইনজীবীদের দাবি, হিশাম পুলিশকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দিয়েছেন এবং আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। ইতোমধ্যে লিমনের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে নিশ্চিত করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ