Skip to content

Upcoming
Brazil
0-0
Morocco
Source: ESPN

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা অন্তর্বর্তী সরকারের ‘বড় ভুল’: সাকিব

ফাইল ছবি

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে আবারও আলোচনায় এলেন সাকিব আল হাসান। তার মতে, ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের বড় ভুল, যা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি ডেকে এনেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দলটি আইসিসির এই আসরে অংশ নিতে পারেনি। বিষয়টি নিয়ে শুরু থেকেই ছিল তীব্র আলোচনা-সমালোচনা।

ঘটনার সূত্রপাত হয় যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা করে। কিন্তু শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করা হয়নি।

সেসময় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল দাবি করেছিলেন, নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস ও মোস্তাফিজদের খেলানো সম্ভব নয় এবং আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে।

আজ মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম কাপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন, “এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি। আমরা ক্রিকেটপাগল দেশ। আমাদের দল বিশ্বকাপে খেলছে না—এটা বড় একটি মিস। আমার মতে, এই সিদ্ধান্ত সরকারের বড় ভুল ছিল।”

এরপর নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেন সাকিব। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, তবে তা আর হয়নি।

সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও নানা আলোচনা চলছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তাকে ফেরানোর আগ্রহ দেখালেও এখনো চূড়ান্ত কিছু হয়নি। এ প্রসঙ্গে সাকিব বলেন, সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলেই তিনি আশাবাদী।

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি পূর্ববর্তী বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে, যার সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তামিমের নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, নির্বাচনের পর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।

এনএনবাংলা/