Skip to content

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার কোনো অধিকার নেই, এমনকি সংসদে এসে বক্তব্য দেওয়ারও নৈতিক ভিত্তি নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, তাদের সামনে দুটি পথ খোলা ছিল। প্রথমত, একটি জাতীয় সরকার গঠনের চেষ্টা করা হয়েছিল, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তা মেনে নেয়নি। দ্বিতীয়ত, ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার একটি বিকল্প ছিল, কিন্তু সে ক্ষেত্রে বিএনপি সংসদে আসতে পারত কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সংবিধানের ধারাবাহিকতার যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতির অপসারণে বাধা দিয়েছে বিএনপি। তবে এখন আর কোনো সাংবিধানিক সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলে সহজেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিএনপির মধ্যেই এমন যোগ্য ও আস্থাভাজন ব্যক্তি রয়েছে, যাকে রাষ্ট্রপতির দায়িত্বে আনা যেতে পারে।

আলোচনার একপর্যায়ে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে কটূক্তি করে নাহিদ ইসলাম বলেন, “গাধা দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই।”

এনএনবাংলা/পিএইচ