Skip to content

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি বর্তমান সরকারের নিজস্ব উদ্যোগে করা নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত—এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো তা বাতিল করা যাবে।

মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যচুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে এবং এটি উভয় দেশের জন্য ‘উইন-উইন’ পরিস্থিতি সৃষ্টি করে। তাই এ চুক্তি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরেছে।

দেশের স্বার্থ সুরক্ষাকে সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতেই রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়।

এনএনবাংলা/পিএইচ