ভারত থেকে পুশ-ইন ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, তার এই সফরের সময় তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী ভারত বা চীন সফরে যেতে পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীনের উদ্দেশে রওনা হয়েছেন এবং ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন।
সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা, এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সমন্বয় নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।
সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
এনএনবাংলা/পিএইচ
