মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে রোববার সচিবালয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও কয়েকটি মন্তব্যের জবাব দিতে ফেসবুকে নতুন ভিডিও আপলোড করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর।
তাতে দুপুরে ‘ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি। ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তিনি বিস্মিত হয়েছেন। ‘আমি যে গতরাতে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসেছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গতরাতে চারটা পর্যন্ত বসে থেকে টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম,” ফেসবুকে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বলেন মি. মুক্তাদির। তার ভাষ্য অনুযায়ী, সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিও’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করার পর রোববার দুপুরে মামলা নেয় পুলিশ। “এর আগ পর্যন্ত মামলা আসলে কেন দায়ের করা হয় নাই – এই প্রশ্নটা আপনার কাছে থাকার কথা আমার, দেশবাসীরও।” বলেন মি. মুক্তাদির। এর আগে ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, তাকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির ‘ঢালাও অভিযোগ’ তুলেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদা না দেয়ায় রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠে। হামলাকারীরা স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা। সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব খোঁজ-খবর নিয়ে ফেসবুক লাইভে নিজের স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান মুক্তাদির।
এনএনবাংলা/এনজেড
