Skip to content

Upcoming
Bosnia-Herzegovina
0-0
Qatar
Source: ESPN

দেশে লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটি: বিদ্যুৎমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সেগুলো মূলত লাইনের কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে এখন আর বিদ্যুতের কৃত্রিম সংকট নেই। অতীতে পরিকল্পিতভাবে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ডিজেল চুরি ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, বর্তমানে চাহিদা পূরণের মতো উৎপাদন সক্ষমতা রয়েছে এবং আগের ছোটখাটো বিদ্যুৎকেন্দ্রের সমস্যাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে ওই দিন কোনো লোডশেডিং হয়নি।

পরবর্তী দিনগুলোতেও একই ধারা বজায় ছিল। ২৮, ২৯ ও ৩০ এপ্রিল চাহিদা ছিল যথাক্রমে ১১ হাজার ৪৭৫, ১১ হাজার ৩৬ এবং ১২ হাজার ৬১৪ মেগাওয়াট। অন্যদিকে মে মাসের ১, ২ ও ৩ তারিখে চাহিদা ছিল ১০ হাজার ৪৬২, ১১ হাজার ৯২ এবং ১২ হাজার ৭৪৫ মেগাওয়াট—সব দিনেই চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

পিডিবি আরও জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ধরে রাখতে কয়লার সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তেল ও গ্যাসের সীমাবদ্ধতা থাকায় সেগুলো সাশ্রয়ীভাবে ব্যবহার করা হচ্ছে। এদিকে পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এবং আরেকটি ইউনিট শিগগিরই যুক্ত হবে।

সরকার আশা করছে, এই ধারা অব্যাহত রেখে আগামী দিনগুলোতেও ‘শূন্য লোডশেডিং’ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হবে।

এনএনবাংলা/