শাপলা চত্বর গণহত্যা, রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল।
বুধবার (৬ মে) তার জামিন আবেদন শুনানিতে এ তথ্য আদালতে তুলে ধরেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।
শাপলা চত্বরে ওই ঘটনার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালতে হাজির করা হলে মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে গত বছরের ৫ মে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত চার জেলায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে অভিযানের সময় ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচ জন এবং কুমিল্লায় একজন নিহত হন। নিহতদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্তকরণ এবং পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
এনএনবাংলা/
