Skip to content

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে

ফাইল ছবি

রাজধানী ঢাকায় মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে সুখবর। মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশেষ করে রাতে অতিরিক্ত ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চালু রাখার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে এবং পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে। নতুন সূচি অনুযায়ী দুই ট্রেনের ব্যবধান কমে দাঁড়াবে সাড়ে ৪ মিনিটে, যা বর্তমানে ৫ মিনিট।

পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। তবে সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এক দফা সময় বাড়ানো হয়েছিল, তখন সকাল ও রাতে আধা ঘণ্টা করে সময় বাড়ানো হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়, যা সময় বাড়ানোর ফলে আরও বৃদ্ধি পাবে।

নতুন সূচি কার্যকর হলে পিক আওয়ারে ট্রেনের ব্যবধান কমে সাড়ে ৪ মিনিট হবে। অন্যদিকে অফপিক সময়ে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

নিয়মিত যাত্রীদের মতে, সকালে তুলনামূলক কম ভিড় থাকলেও রাতে শেষ ট্রেন পর্যন্ত যাত্রীচাপ বেশি থাকে। তাই রাতের সময় বাড়ানো হলে যাত্রীসেবার মান বাড়বে এবং যাত্রীসংখ্যাও বৃদ্ধি পাবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটি সেটে ছয়টি কোচ। পিক আওয়ারে ১২ সেট ট্রেন চালু থাকলেও সময় বাড়লে তা বাড়িয়ে ১৪ সেট করা হবে।

ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সক্ষমতা রয়েছে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর। তবে জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে গড়ে সোয়া ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ শেষ হলে এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে উভয় দিকেই সময় বাড়ানোর পরীক্ষা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঢাকায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।

এনএনবাংলা/