নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: পুতুল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন “মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। শহীদ সাগরসহ সকল শহীদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”তিনি আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদদের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (৫ মে) সকালে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল প্রাঙ্গণে ঐতিহাসিক শহীদ সাগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ অন্যরা। প্রতিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মিলের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা চাকরি দেওয়ার নামে চাঁদাবাজি সহ্য করা হবে না। এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম এবং শহীদ পরিবারের সন্তান ডা. ইকবাল আজিম শাহিন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন ফরহাদ হোসেন রুবেল।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
