জাহাজবাড়ি ‘হত্যাকাণ্ড’: শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন
রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি অভিযোগ গঠনের শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, এ মামলার শুনানি গত ৬ এপ্রিল হওয়ার কথা থাকলেও আবেদনের পর তা স্থগিত করা হয়। এর আগে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বর্তমানে এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন দুজন—সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।
চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় কথিত জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার জামিনের পক্ষে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। তবে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
এছাড়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানির জন্য আগামী ১৪ মে দিন নির্ধারণ করা হয়েছে।
