হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব ধরা হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, একই সময়ে নতুন করে ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ২৬৮ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮১ জন চিকিৎসা কেন্দ্রে গেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একই সময়ে ৮৫৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এনএনবাংলা/
