সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

জ্ঞান ফিরেছে চমেক ছাত্র আকিবের

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মাহাদি জে আকিব হোসেনের (২০) জ্ঞান ফিরেছে। বর্তমানে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যাপক ও ক্লিনিক্যাল নিউরো সার্জন ও নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এসএম নোমান খালেদ চৌধুরী। তিনি বলেন, ছেলেটার জ্ঞান ফিরেছে। কথাও বলেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হবে।

আইসিইউ’র বাইরে অপেক্ষমান আকিবের বাবা গোলাম ফারুক মজুমদার কান্নাজড়িত কন্ঠে বলেন, নোংরা রাজনীতির বলি আমার ছেলে। রাজনীতির কারণে ছেলের এই অবস্থা। আমি চাই, কারও সন্তানের যেন এ অবস্থা না হয়। আল্লাহ’র কাছে এখন শুধুই একটাই প্রার্থনা, আমার ছেলে যেন সুস্থ হয়ে ওঠে। শুধু বসে আছি ‘কখন বাবা ডাক শুনবো’।

সংঘর্ষের ঘটনায় মামলার বাদী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান বলেন, আকিবের অবস্থা উন্নতির দিকে। তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। তার জ্ঞানও ফিরেছে। আকিবকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারছে। তবে তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ অক্টোবর) ও শনিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় তিনজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

—ইউএনবি