Skip to content

এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তক্ষরণেরও শঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডাক্তাররা আশঙ্কা করছেন, এ বছরের ডেঙ্গুর ধরন হতে পারে আরও ভয়াবহ, যা হেমোরোজিক ডেঙ্গু নামে পরিচিত। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে রক্তক্ষরণও হতে পারে। তাই সবাইকে আগে থেকেই সচেতন থাকতে হবে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হবে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানার আওতায় আনা হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আব্দুস সালাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ—এই সমন্বয় নিশ্চিত হলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”

এনএনবাংলা/পিএইচ