



সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় মামলার নথিপত্রসহ প্রত্যর্পণের আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলার ১৪৪ পৃষ্ঠার নথিপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, বর্তমানে দেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন। এসব মামলার অগ্রগতি সম্পর্কে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) ব্যবস্থার আওতায় সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্নভাবে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতারাতি এ অবস্থার পরিবর্তন সম্ভব না হলেও এলাকাটিকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পুলিশ বাহিনী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালনে আমরা কঠোর। কর্তব্যে অবহেলা, দুর্নীতি কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কারের ব্যবস্থাও থাকবে।’
তিনি আরও বলেন, ‘২৩ জুনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’ নাম উল্লেখ না করে তিনি আওয়ামী লীগকে ‘কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন দুবাইয়ে আটক হন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রত্যর্পণের আবেদন পাঠানো হয়েছে। দেশটির আদালত বিষয়টি পর্যালোচনা করে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বেনজীর আহমেদের আপিল করার সুযোগও থাকবে।
এনএনবাংলা/পিএইচ
Tags: সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্রমন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন