Skip to content

Upcoming
Netherlands
0-0
Sweden
Source: ESPN

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে (+৩) এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থান এখন ব্রাজিলের দখলে। আগের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচ শেষে রেফারির শেষ বাঁশি বাজতেই ফিলাডেলফিয়া স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। ২০২৬ বিশ্বকাপে এটি সেলেসাওদের প্রথম জয়। তবে জয় এলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ফলে দ্বিতীয়ার্ধে আরও বড় ব্যবধানের জয় প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া, একটি গোল অফসাইডের কারণে বাতিল এবং পোস্টে লেগে বল ফিরে আসায় ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। বরং দ্বিতীয়ার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তোলে হাইতি। ব্রাজিলের গোলরক্ষক অন্তত ২-৩টি নিশ্চিত গোল রুখে দেন, পাশাপাশি একটি গোললাইন সেভও দলকে বিপদ থেকে বাঁচায়।

ফিফা র‌্যাঙ্কিং ও সামর্থ্যের বিচারে ব্রাজিলের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও হাইতি নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা একাধিকবার ব্রাজিলের রক্ষণভাগে ভাঙন ধরাতে সক্ষম হয়, যা আনচেলত্তির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। টানা দুই ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে হাইতির এই পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।

ম্যাচে ব্রাজিল পাঁচবার বল জালে জড়ালেও বৈধ গোলের সংখ্যা ছিল তিনটি। দুই অর্ধে একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়, আর একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। ব্রুনো গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে না পারলে ফিরতি বলে গোল করেন কুনহা। ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভিনিসিয়ুসের নিখুঁত পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকাস পাকেতার দারুণ থ্রু বল ধরে দ্রুত বক্সে ঢুকে নিখুঁত প্লেসিং শটে হাইতির জালে বল জড়ান তিনি। সেই গোলেই ৩-০ ব্যবধান নিশ্চিত করে ম্যাচ শেষ করে ব্রাজিল।

এনএনবাংলা/পিএইচ