সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, সেটি ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতা উপলক্ষে তাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। পরে এ প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে, এজন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, দেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েই বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

তারেক রহমান বলেন, তাদের রাজনৈতিক দলের মূল স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। নিজের অবস্থান থেকে তিনি সব সময় দেশের ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখানে কারও কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো সাফল্য বা অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। আর সেই অর্জনের সুফল যদি দেশের মানুষ পেয়ে থাকে, তবে সেটি দেশের মানুষেরই অর্জন।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সকল সদস্যের প্রতি ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এনএনবাংলা/পিএইচ