Skip to content

নতুন সূচক প্রকাশ, ৩৫ দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সময়ে প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে। নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই, ভিসামুক্ত সুবিধায় অথবা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, কোনো দেশের নাগরিকরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় ভ্রমণ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এবারের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল অথবা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। যদিও গত বছর বাংলাদেশি নাগরিকরা এ ধরনের সুবিধা নিয়ে ৩৭টি দেশে যেতে পারতেন। তবে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম থেকে উন্নীত হয়ে এবার ৯৭তম হয়েছে।

পূর্ববর্তী বছরগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে অবস্থান নেমে যায় যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম স্থানে। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল কিংবা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, পূর্ব তিমুর (তিমুর-লেস্তে), ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশের নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি দেশে ভ্রমণের সুযোগ পান।

তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভ্রমণ করতে পারেন।

ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। এ তিন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮৪টি দেশে ভ্রমণের সুযোগ পান।

সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। এ দুই দেশের নাগরিকরা ১৮২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

নবম অবস্থানে রয়েছে লিচেনস্টেইন ও লিথুনিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৮১টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

অন্যদিকে, দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৮০টি দেশে ভ্রমণের সুযোগ পান।

এনএনবাংলা/