Skip to content

আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি তেলাপোকা পার্টির

ছবি: এএফপি

ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে দেশটির তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে আবারও কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ায় অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজেপি দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিনের অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ স্থগিত করেছিল।

তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ করে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হয়রানির খবরও পাওয়া যাচ্ছে।

আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশসহ কেন্দ্র ও বিজেপি-শাসিত বা মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে—এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, তারা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

তিনি আরও দাবি করেন, আলোচনার সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের লিখিত চুক্তি মঙ্গলবারের মধ্যেই সিজেপির হাতে তুলে দিতে হবে।

এর আগে, শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতির ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেছে এবং জানিয়েছে, চার সপ্তাহ পর উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/