Skip to content

সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

ছবি: সংগৃহীত

সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আনতে মোটরসাইকেলকেও এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যেই মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, বর্তমানে কিছু মোটরসাইকেলচালক পেছনের নম্বর প্লেটের তিনটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করেন, যাতে এআই ক্যামেরা যানবাহন শনাক্ত করতে না পারে। ফলে মোটরসাইকেলের নম্বর প্লেট শুধু পেছনে থাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক ঘটনাই স্বয়ংক্রিয় ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।

এ পরিস্থিতি বিবেচনায় মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে।

বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এই বিপুলসংখ্যক মোটরসাইকেলও এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার কার্যকর আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এনএনবাংলা/