বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন—এ তথ্য সঠিক। তবে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।
তিনি জানান, ‘খবর পেয়েছি, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলোর প্রত্যয়নিত কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরাও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছি। আমরা আশা করছি, জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব।’
বাংলাদেশে দুর্নীতি, অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএনবাংলা/
