Skip to content

চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের ১ বছরের কারাদণ্ড, ২৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

চেক ডিজঅনারের একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চেকের সমপরিমাণ ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রোববার (০২ আগস্ট) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩ মে আসামির অনুপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রোববার সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, বাদীর কাছ থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী কেনার জন্য আসামির সঙ্গে চুক্তি হয়েছিল। প্রথমদিকে কিছু অর্থ নগদ পরিশোধ করলেও পরে তিনি চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করতেন। নির্মাণসামগ্রীর মূল্য বাবদ ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের বংশাল থানার নবাবপুর শাখার একটি চেক দেন সাহেদ।

পরবর্তীতে ২০২০ সালের ৫ মে বাদী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ফেরত দেয়। এরপর একই বছরের ২ জুন এক মাসের মধ্যে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের জন্য আসামিকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ২০২০ সালের ২৬ জুলাই তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। সেই মামলার রায়ে আদালত সাহেদকে এক বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

এনএনবাংলা/