আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির অন্যতম লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও তাদের অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে উদ্বো্ধন হয়েছে দিবসের। বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠেয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দিতে সারাদেশ থেকে বিভিন্ন আদিবাসী গোষ্ঠি নিজস্ব ঐতিহ্যবাহী সাজ-পোশাকে সমবেত হয়েছেন।
প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
এ ছাড়া নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে ভূমি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় এ দিবসে।
