রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় ফিরল

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদটি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
এর আগে গত বৃহস্পতিবার ২৫৯ জন যাত্রী নিয়ে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানের বিজি-৩০৬ নম্বর ফ্লাইটটি। পথিমধ্যে শুক্রবার ইতালির রোম বিমানবন্দরে নিয়মতান্ত্রিক জ্বালানি গ্রহণের জন্য যাত্রাবিরতি করলে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। বিমান প্রকৌশলীদের টানা ৮ ঘণ্টার প্রচেষ্টাতেও ত্রুটি নিরসন না হওয়ায় ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে একটি বিশেষ প্রকৌশলী দল শনিবার রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। তাদের টানা প্রচেষ্টায় উড়োজাহাজটি ত্রুটিমুক্ত ও উড্ডয়ন উপযোগী করা সম্ভব হয়।
