সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

ছবি: নিউ নেশন মাল্টিমিডিয়া

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে রাশিয়ায় নতুন করে অন্তত ৫০ হাজারেরও বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া—উভয় পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নতুন এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।

তবে এই তথ্যের উৎস সম্পর্কে এক্সবার্তায় বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জেলেনস্কির ভাষ্য, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে রাশিয়ার ভেতরেই ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করা হয়েছে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া যেমন রাশিয়াকে সহযোগিতা করছে, তেমনি ইউক্রেনের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিবেশী ও প্রধান বৈরী দেশ দক্ষিণ কোরিয়ার সহযোগিতামূলক সম্পর্কও জোরদার হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি।

এক্সবার্তায় তিনি বলেন, ইউক্রেন এমন একটি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সমর্থন পেতে যাচ্ছে, যেখানে তাদের ঘাটতি রয়েছে। সেটি হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি ড্রোন নির্মাণ চুক্তি ও অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি স্বাক্ষর করেন তিনি। চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে।

চুক্তি স্বাক্ষরের পর একই বছর প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া।

চলতি আগস্টে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সম্প্রতি রুশ বাহিনীকে সহযোগিতা করতে নিয়মিত সেনাদের পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ইউনিটও রাশিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। ওই ইউনিটের সঙ্গে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার রয়েছে। ইউনিটটিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে।

এনএনবাংলা/