তারেক রহমান: আমি মনেপ্রাণে সবসময় ইসলামের পক্ষে

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রোববার বিকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে হেফাজত আমির এবং প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে সালাম, কুশল বিনিময় এবং কোলাকুলি করেন।
সাক্ষাৎকালে তারেক রহমান আল্লামা বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান ইসলাম ও কুরআন-সুন্নাহবিরোধী কার্যক্রম প্রতিরোধসহ ৯ দফা দাবি তুলে ধরেন।
এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হুজুর আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি। প্রধানমন্ত্রী বাবুনগরীর খাস কামরায় কয়েক মিনিট একান্তে আলাপচারিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামবিরোধী কর্মকান্ড ও ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইনকানুন রোধে হেফাজতের দাবি প্রসঙ্গে বলেন, আমি একজন মুসলমান। বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের পক্ষে। দোয়া চাই, জীবনের শেষ দিন পর্যন্ত যাতে ঈমানের সাথে দায়িত্ব পালন করতে পারি। দেশে আমাদের সরকারের দ্বারা কুরআন-সুন্নাহবিরোধী কিছুই করা তা কল্পনা বা ধারণারও বাইরে।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা বিগত জাতীয় নির্বাচনকালে আমাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আপনাদের সমর্থন আমরা পেয়েছি। ঠিক একইভাবে বর্তমান সরকারের জনগণের স্বার্থ, উন্নয়ন ও কল্যাণে বিএনপি সরকারের কাজে আপনাদের সহযোগিতা সবসময় আমরা প্রত্যাশা করি। যাতে জনগণের স্বার্থের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা ব্যর্থ হয়। জনগণের রায়ের মাধ্যমে নির্বাচিত সরকার মানুষের কল্যাণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে আলেম-ওলামাদের জোরালো সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক সরকারকে পানাহ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘায়ু করুন। এ সরকারের মন্ত্রী-এমপি নেতাদের ইসলামের পক্ষে জোরদার অবস্থান নেয়ার তাওফিক দান করুন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজত করুন। হক্কানি দ্বীন ইসলামের পথে আলেম-মশায়েখদের এবং দেশবাসীকে হেফাজত এবং ঐক্যবদ্ধ রাখুন।
এনএনবাংলা/এফএস
