‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর

ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। এই বক্তব্যকে হিন্দুধর্মের অবমাননা হিসেবে উল্লেখ করে তার পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল বিজেপি।
একই সঙ্গে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন রায়ারেড্ডি। তার দাবি, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সেই শিক্ষা দেয়।
মন্ত্রী বলেন, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা এ ধর্ম নিয়ে ভুল ধারণা ও মতামত তৈরি করেন। এরপর তিনি বলেন, ‘ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে।’
আব্রাহামিক ধর্মগুলো নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা না করলেও বিভিন্ন ধর্ম ও তাদের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন বলে জানান রায়ারেড্ডি। তিনি বলেন, নিয়মিত মন্দির বা মঠে যান না।
মন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার পরই এর তীব্র সমালোচনা শুরু করে বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে রায়ারেড্ডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে আর অশোক অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করেছে। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে তিনি কংগ্রেস সরকারের কথিত ‘হিন্দুবিরোধী মানসিকতা’ নিয়ে প্রশ্ন তোলেন।
আর অশোকের দাবি, রায়ারেড্ডি মঠ বা মন্দিরে না যাওয়ার কথা বলে রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলার মাধ্যমে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।
বিজেপি বলেছে, রায়ারেড্ডিকে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।
বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির কারণেই রায়ারেড্ডি এমন মন্তব্য করেছেন। তিনি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
রায়ারেড্ডি এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের গোড়ায় ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
এনএনবাংলা/এফএস

