অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪,০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ (৭ সেপ্টেম্বর) সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে কার্যবিধির ৭১ নম্বর ধারায় জরুরি জনস্বার্থ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত পরিচালনার বিষয়ে নোটিশটি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে দেশে এ ধরনের যান রয়েছে প্রায় ৫০ থেকে ৮০ লাখ।
তবে এসব যান দ্রুত এবং অনেকাংশে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশের ওপর চাপ তৈরি হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সারাদেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে মাত্র প্রায় ৩ হাজার ৩০০টি। বিপরীতে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চার্জ করতে মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। বিপুলসংখ্যক যান একসঙ্গে চার্জ দেওয়ায় স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ওপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
এ ছাড়া অনুমোদিত বা আবাসিক বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহার এবং ট্রান্সফরমার ও বিতরণ লাইনের ওপর অতিরিক্ত চাপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এনএনবাংলা/
