এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী।
একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন আরও ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী। এছাড়া পুনঃনিরীক্ষণে আরও বহু শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর ও গ্রেডে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হচ্ছে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি।
সে হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলো। আর পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর আজ ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে আবেদন হয় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।
এনএনবাংলা/এফএস
