বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না। বিশেষ করে আধা লিটার ও এক লিটারের বোতল বাজারে পাওয়া যাচ্ছে না বললেই চলে। কোথাও পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে ক্রেতাদের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ তেল কিনতে হচ্ছে। ফলে দুই বা পাঁচ লিটারের বোতল কিনে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
বিক্রেতাদের অভিযোগ, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম বাড়ানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। পরিবেশকদের কাছে একাধিকবার চাহিদা জানানো হলেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এতে ছোট আকারের বোতলজাত তেলের সংকট আরও প্রকট হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
ছোট বোতলের সরবরাহে বড় সংকট
মুদি দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধা লিটার ও এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহই সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে। কয়েকটি কোম্পানি বাজারে তেল সরবরাহ করলেও তাদের বড় অংশই দুই ও পাঁচ লিটারের বোতল। ফলে ছোট পরিবারের ক্রেতাদের প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে হচ্ছে।
এক বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাঁচ লিটার তেল কিনলেও ক্রেতারা ৫-১০ টাকা কম দেওয়ার চেষ্টা করেন। এখন আমাদের মুনাফাই মাত্র ৫ টাকা। অর্থাৎ হাজার টাকা বিনিয়োগ করে লাভ হচ্ছে ৫ টাকা। এর মধ্যেও কোম্পানি তেল দিচ্ছে না। সবাইকে জিম্মি করে রেখেছে।’
বোতলজাত তেলের সংকটে বাড়ছে খোলা তেলের চাহিদা
বিক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন তেল না পাওয়ায় ক্রেতাদের একটি অংশ এখন খোলা তেল কিনছেন। এতে খোলা সয়াবিন তেলের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়েছে।
রাজধানীর বাজারে বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ২০৫ থেকে ২০৮ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। একই সময়ে পাম তেলের দাম উঠেছে প্রতি লিটার ১৮০ থেকে ১৮৫ টাকা।
ফলে বোতলজাত সয়াবিন তেলের সংকটের পাশাপাশি খোলা তেলের বাড়তি দামও সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
এনএনবাংলা/
