রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে অক্টোবরে: রসাটম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে আগামী অক্টোবর থেকে। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রসাটম জানিয়েছে, কয়েকটি ফ্লাইটে এই জ্বালানি বাংলাদেশে আনা হবে এবং সরবরাহ কার্যক্রম ডিসেম্বরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
সোমবার এক বিবৃতিতে রসাটম জানায়, চুক্তির শর্ত ও প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি কয়েকটি চালানে সরবরাহ করা হবে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে এই সরবরাহ কার্যক্রম।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য রাশিয়া থেকে একটি ইউরেনিয়ামের চালান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় চালানবাহী বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।
রূপপুর প্রকল্পের পরিচালক কবির হোসেন জানান, প্রথম ইউনিটের জ্বালানি পরিবর্তনের জন্য দুটি ফ্লাইটে মোট ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি আসার কথা ছিল। এর একটি ফ্লাইট ২৪ সেপ্টেম্বর এবং অন্যটি ১ অক্টোবর আসার কথা ছিল।
তিনি বলেন, দ্বিতীয় ইউনিটের প্রথমবারের জ্বালানি সরবরাহের জন্যও সাতটি ফ্লাইটের সূচি করা হয়েছিল। ৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একটি করে সাতটি ফ্লাইটে দ্বিতীয় ইউনিটের পুরো জ্বালানি আনার পরিকল্পনা ছিল।
কবির হোসেন জানান, সাধারণত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা ব্যবহার করে রাশিয়া থেকে ইউরেনিয়াম বাংলাদেশে আনা হয়।
চালান স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর রাতে রসাটম থেকে জানানো হয়, প্রয়োজনীয় আকাশসীমার অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। পরদিনও কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলার কথা জানানো হয়। পরে ২৪ সেপ্টেম্বর রাতে জানানো হয়, রুটের অনুমোদন না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়সূচি জানানো হবে।
পরে নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর থেকে ফ্লাইট শুরু হওয়ার কথা জানানো হয়। অর্থাৎ আগের নির্ধারিত সময়ের তুলনায় চালানটি প্রায় এক সপ্তাহ পিছিয়ে যায়।
তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে পিছিয়ে যাওয়া চালানটি রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য আসার কথা বলা হলেও, রসাটমের সোমবারের বিবৃতিতে আকাশসীমার অনুমতি না পাওয়ার কারণে আগের চালানটি আসতে না পারার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এনএনবাংলা/
