সরকার ও বিরোধী জোটের আসন সমান, নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’!

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট বড় ধাক্কা খেয়েছে। প্রাথমিক বুথফেরত জরিপ অনুযায়ী, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান ৬৪ আসনের জোটটি এবার পেতে পারে মাত্র ৫০ থেকে ৫১টি আসন। তবে নেতানিয়াহুবিরোধী দলগুলোও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবারের (২৭ অক্টোবরের) নির্বাচনের পর ইসরায়েলের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। জরিপে ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো ৫১ থেকে ৫২টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছে। অন্যদিকে আরবদের নেতৃত্বাধীন জোট পেতে পারে মোট ১৮টি আসন।
নির্বাচনী প্রচারে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত পার্টি আরবদের নেতৃত্বাধীন দলগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরেছিল। তবে প্রাথমিক জরিপে দেখা যাচ্ছে, এ জোট এবার উল্লেখযোগ্যসংখ্যক আসন পেতে পারে।
আরবদের নেতৃত্বাধীন দলগুলোও নেতানিয়াহুর আরেক মেয়াদের বিরোধী। ফলে পার্লামেন্টে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া সদস্যের সম্ভাব্য সংখ্যা দাঁড়াচ্ছে ৭০। কিন্তু ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী চার দলের মধ্যে তিনটিই নির্বাচনী প্রচারে আরবপ্রধান দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছে। তারা সেই অবস্থানে অটল থাকলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তাদের জন্য কঠিন হবে।
এদিকে রাজনৈতিক দলগুলোর নেতারা চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভোট গণনা শুরু হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে। বুথফেরত জরিপের সঙ্গে প্রকৃত ফলাফলের পার্থক্যও প্রায়ই দেখা যায়।
এনএনবাংলা/এনজেড
