রাজধানীতে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫১৭
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মী রয়েছেন।
শুক্রবার সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা হয়েছে। এ সময় ডিএমপির আটটি অপরাধ বিভাগে অভিযান চালিয়ে মোট ৫১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ২১, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৪৬, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন ও এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯ হাজার ১৫৮টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে একটি বাস ও একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এনএনবাংলা/এনজেড


