আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে। এ খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা উপজেলা সদর থেকে মিছিল নিয়ে স্থলবন্দরে গিয়ে সমাবেশ করেন।
এর আগে বুধবার দুপুরে আগরতলায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পৌঁছেছে বলে জানা গেছে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে প্রতিনিধি দলের আগরতলায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে আসেন। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। তাঁদের কাছে খবর এসেছে, এসব উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে।
এনএনবাংলা/


