সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

ভারতের মন্ত্রী ঢাকা দখলের হুমকি দিয়েছে, দেশের জনগণ কি আমলকী চুষবে: রিজভী

ছবি: সংগৃহীত

ভারতের একজন মন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বে এক ইঞ্চি হস্তক্ষেপও মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিচের পর্যায়ের কর্মী বললে আমার কথা ছিল না। একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও এখান থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে নিতে পারবে না।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তার দাবি, আওয়ামী লীগের অবশিষ্ট অংশের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হাসপাতাল ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। এসব ঘটনায় বিএনপির তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, এসব পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন। সরকার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বা নির্মম ব্যবহার না করে সহনশীল অবস্থান থেকে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/