Skip to content

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে আপাতত কোনো উদ্বেগজনক পরিস্থিতি নেই। তবুও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সরকারের প্রস্তুতি নিয়ে কথা বলেন।

তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র দ্রুত জমা নেওয়া ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসানো নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ, বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বিক নজরদারি বাড়ানোর কথা জানান তিনি।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে এবং ইতোমধ্যে বেশ কিছু সাইট বন্ধ করা হয়েছে।