Skip to content

সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান  বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি দমন নিয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। এ বিষয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট নথিপত্র সরকারের কাছে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, এসব বিষয়ে আলোচনা করার জন্য টিআইবি সময় চেয়েছিল। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে তাদের বক্তব্য শুনেছেন এবং প্রায় শতভাগ একমত পোষণ করেছেন। পাশাপাশি সরকারের সক্ষমতার মধ্যে থেকে সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের আয়োজন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে । এর আগে এশিয়ায় কেবল মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়ায় এই সম্মেলনের আয়োজন করেছে।

তিনি বলেন, ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত অবস্থানে রয়েছে বলে টিআইবি মনে করে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। মন্ত্রিপরিষদের অনুমোদন পাওয়া গেলে বাংলাদেশ এ আয়োজনের উদ্যোগ নেবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সরকার একটি বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তা বাস্তবায়নে আন্তরিক।

দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা প্রয়োজন বলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এনএনবাংলা/পিএইচ