Skip to content

Upcoming
Algeria
0-0
Austria
Source: ESPN

পদ্মা ব্যারাজ একনেকে অনুমোদন, ব্যয় হবে ৩৫ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি উঠে আসছিল। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে গেলে বিষয়টি আরও গুরুত্ব পায়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর প্রকল্পটির অনুমোদনকে সেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।

ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ