Skip to content

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে ভারতে নতুন নিয়ম

ফাইল ছবি

প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দিতে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়া সহজ করতে এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে নথিপত্রের অভাবে বহু শরণার্থী নাগরিকত্বের আবেদন করতে পারেননি। সেই জটিলতা কমাতে নতুন বিধানে আবেদনকারীদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারীকে জানাতে হবে তার বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কি না। থাকলে তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

এদিকে, পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা তৈরির সময় বাংলাদেশ থেকে যাওয়া বহু শরণার্থীর নাম বাদ পড়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাগরিকত্ব নেই তারা সরকারি সুবিধা বা ভাতা পাবেন না। ফলে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার হিন্দু শরণার্থী সিএএ-এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, যা মোট শরণার্থীর প্রায় ২০ শতাংশ। তবে এর মধ্যে মাত্র প্রায় ১,৫০০ জন নাগরিকত্ব পেয়েছেন। মূলত প্রয়োজনীয় নথির অভাবেই এই সংখ্যা কম।

নতুন নিয়মে ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গুরুত্ব না দেওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। তবে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য নতুন নিয়মে নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

একই সঙ্গে সরকার নিশ্চিত হতে চায়, কেউ যেন একাধিক দেশের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি না করে। তাই আবেদনকারীদের পূর্বের নাগরিকত্ব ত্যাগের বিষয়টিও যাচাই করা হবে।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রক্রিয়া কিছুটা সহজ হতে পারে।

এনএনবাংলা/