সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০

চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। নিহত সবাই খনিশ্রমিক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। বিস্ফোরণের সময় ভূগর্ভে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

শুক্রবার চীনের শানসি প্রদেশের ছিংইয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনো নিখোঁজদের খুঁজে বের করতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আগে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তখন খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়েও বেশি ছিল।

দুর্ঘটনার পর খনির তদারকির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট জিনপিং দেশজুড়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব অঞ্চল ও বিভাগকে ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

স্থানীয়ভাবে প্রকাশিত ভিডিওতে খনির বাইরে সারিবদ্ধভাবে একাধিক অ্যাম্বুলেন্স দেখা গেছে। শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন এলাকা। গত বছর এ অঞ্চল থেকে ১০০ কোটির বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ব্যবহারকারী দেশ হলো চীন। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। তবে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, শিথিল তদারকি ও দুর্নীতির কারণে চীনের কয়লা খনিগুলোকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এসব কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের খনি দুর্ঘটনার ঘটনা ঘটে।

এনএনবাংলা/পিএইচ