উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর ইউরিয়া উৎপাদন শুরু করেছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে বয়লারে লিকেজ ধরা পড়লে কারখানার ইউরিয়া উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণেই বয়লার প্ল্যান্টে এ ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল রয়েছে। বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামত করা সম্ভব হলে দ্রুত উৎপাদনে ফেরার আশা করা হচ্ছে।
যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়। ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলে সার সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাসের চাপ বাড়ায় উৎপাদন পুনরায় শুরু হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু দুই দিনের মধ্যেই বয়লার প্ল্যান্টের ত্রুটিতে সেই কার্যক্রম থেমে গেল।
এনএনবাংলা/এফএস
