সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী
নবায়নযোগ্য সৌরবিদ্যুতের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে একটি “সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে” পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনের এ উদ্যোগ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় যুক্ত হলে বাংলাদেশ খুব দ্রুতই একটি সবুজ ও টেকসই উন্নয়নের রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে।
তারেক রহমান বলেন, মার্কিন স্থপতি লুই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার প্রমাণ করে যে নেতৃত্ব ও নীতির পাশাপাশি বাস্তব কর্মকাণ্ডেও পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে।
দেশ জ্বালানিতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির সম্প্রসারণ, শিল্পায়নের অগ্রগতি এবং বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও নদীভাঙন এখন দেশের নিত্যদিনের বাস্তবতা। তাই টেকসই জ্বালানির পথে এগিয়ে যাওয়া শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌরশক্তিকে সবচেয়ে সম্ভাবনাময় খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌর বিকিরণ পাওয়া যায়। দেশের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি ও উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত কার্যকর একটি সমাধান। সংসদ ভবনের এই প্রকল্প বৃহত্তর সবুজ জ্বালানি যাত্রারই একটি অংশ।
সৌরবিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিসহ জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ
