Skip to content

ক্ষতিপূরণ-চাকরি দিয়ে সেই ছয় শিশুর পরিবারের পাশে থাকতে চায় আদ্-দ্বীন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার অঙ্গীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাসহায়তা, চাকরির সুযোগ এবং উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি জানান, ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন এবং সন্তানরা যতদিন জীবিত থাকবেন, ততদিন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক শর্ত পূরণ করতে পারলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। তবে আদ্-দ্বীন পরিচালিত মেডিকেল কলেজ বা অধিক ব্যয়সাপেক্ষ পেশাগত শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ বৃত্তি, উল্লেখযোগ্য টিউশন ফি মওকুফ কিংবা আর্থিক সহায়তার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে।

অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, ভুক্তভোগী পরিবারের যোগ্য ও আগ্রহী সদস্যদের হাসপাতালের বিভিন্ন পদে চাকরির সুযোগ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্মানজনক ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করে।

এনএনবাংলা/পিএইচ