Skip to content

Upcoming
Qatar
0-0
Switzerland
Source: ESPN

সবুজে গড়বো আগামীর বাংলাদেশ’- ডামুড্যায় বৃক্ষরোপণ উদ্বোধন করেন হুইপ, অপু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, নুরুদ্দিন আহমেদ অপু।শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডামুড্যা উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধন শেষে বিভিন্ন স্থানে প্রতীকী বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ুবী, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ডামুড্যা থানার (ওসি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর মাদবর, বিএনপি নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, শ্যামল বেপারীসহ উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, “গাছ আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সরকার পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, যা দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, ডামুড্যা উপজেলায় এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পৌরসভা এলাকায় ১ হাজার এবং প্রতিটি ইউনিয়নে ২০০টি করে চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণকৃত চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজায়নের মাধ্যমে একটি টেকসই পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।